দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মাথায় মন্ত্রী অপসারণ করলেন নেপালের প্রধানমন্ত্রী


দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই কঠোর অবস্থান নিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ক্ষমতায় আসার মাত্র ১৫ দিনের মাথায় স্বজনপ্রীতির অভিযোগে একজন মন্ত্রীকে অপসারণ করেছেন তিনি।

বৃহস্পতিবার শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী দীপ কুমার সাহকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, ক্ষমতার অপব্যবহার করে নিজের স্ত্রীর পুনর্নিয়োগে ভূমিকা রাখার অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

শাসক দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-এর সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির সভাপতি রবি লামিছানে অভিযোগ করেন, মন্ত্রীর স্ত্রীর মেয়াদ শেষ হওয়ার পরও তাকে স্বাস্থ্য বীমা বোর্ডে পুনরায় নিয়োগ দিতে প্রভাব খাটানো হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা জানান, দলের শৃঙ্খলা কমিটি বিষয়টি তদন্ত করে মন্ত্রীকে অপসারণের সুপারিশ করে, যার পরিপ্রেক্ষিতে দ্রুত সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী অপসারণের পর আপাতত শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব নিজেই পালন করছেন বালেন্দ্র শাহ। পাশাপাশি স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রী নিশা মেহতাকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

গত মার্চে অনুষ্ঠিত নির্বাচনে তরুণ ভোটারদের বড় সমর্থনে বালেন্দ্র শাহ ক্ষমতায় আসেন। দুর্নীতি দমন এবং প্রশাসনে স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দিয়েই তিনি সরকার গঠন করেন। দায়িত্ব নেওয়ার পরপরই এই পদক্ষেপকে সেই প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের এই ধরনের দ্রুত সিদ্ধান্ত প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করার বার্তা দিচ্ছে এবং ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত বহন করছে।

Source: The Telegraph India

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন