দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’, বন্যার আশঙ্কা কিছু এলাকায়

দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’। বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, প্রায় পূর্ণাঙ্গ এই বৃষ্টি বলয় দেশের দিকে অগ্রসর হচ্ছে এবং এর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় ঝড়ো বৃষ্টি দেখা যেতে পারে।  


শুক্রবার (২৪ এপ্রিল) সংস্থাটির এক পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, এই বৃষ্টি বলয়টি চলতি বছরের অন্যতম শক্তিশালী সিস্টেমগুলোর একটি। এর প্রভাবে দেশের প্রায় ৭০ থেকে ৯০ শতাংশ এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কিছু স্থানে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।  

বিশেষ করে সিলেট বিভাগকে সবচেয়ে বেশি সক্রিয় অঞ্চলের মধ্যে ধরা হচ্ছে। পাশাপাশি ময়মনসিংহ, রংপুর, ঢাকা বিভাগ এবং চট্টগ্রামের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বেশি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় মাঝারি সক্রিয়তা থাকলেও রাজশাহী বিভাগের কিছু অংশ তুলনামূলক কম প্রভাবিত হতে পারে।  

পূর্বাভাস অনুযায়ী, ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত পর্যায়ক্রমে এই বৃষ্টি বলয়ের প্রভাব দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হবে। এর মধ্যে ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সময়টিকে সবচেয়ে সক্রিয় ধরা হচ্ছে। এছাড়া ৪ ও ৬ মে-তেও বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকতে পারে।  

এই সময়কালে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নিচু ও বন্যাপ্রবণ এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ জেলার কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিতে পারে।  

আবহাওয়াবিদদের মতে, ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে ভারী বর্ষণের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল বাংলাদেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়িয়ে দিতে পারে। এতে হাওরাঞ্চলে পানি বৃদ্ধি এবং নদীর পানিস্তর হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।  

এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে টানা বর্ষণ হতে পারে, যা কৃষি ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে।  

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের আবহাওয়ায় অপ্রয়োজনে বাইরে যাতায়াত এড়িয়ে চলা, নিচু এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা জরুরি।  

সব মিলিয়ে ‘ঝুমুল’ নামের এই বৃষ্টি বলয় দেশের আবহাওয়ায় স্বস্তি নিয়ে এলেও এর সঙ্গে যুক্ত ঝুঁকির বিষয়গুলোও সমানভাবে গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে।  

Source: RTV News  

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন