দেশে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নতুন টিকাদান কর্মসূচি ঘোষণা করেছে সরকার। আগামী ১২ এপ্রিল থেকে ঢাকাসহ কয়েকটি সিটি করপোরেশন এলাকায় এ কার্যক্রম শুরু হবে এবং ৩ মে থেকে তা সারা দেশে বিস্তৃত করা হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মন্ত্রী জানান, প্রথম ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকাদান কার্যক্রম চালু হবে। পরবর্তীতে ধাপে ধাপে পুরো দেশে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে। ইতোমধ্যে ৫ এপ্রিল থেকে টিকা প্রয়োগ শুরু হয়েছে এবং প্রথম দিনেই লক্ষ্যমাত্রার প্রায় ৯৬ শতাংশ অর্জন করা সম্ভব হয়েছে।
টিকা সংগ্রহ প্রসঙ্গে তিনি জানান, ইউনিসেফ ও গ্যাভির মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহ করা হচ্ছে এবং অন্য কোনো উৎস থেকে কেনা হয়নি।
চিকিৎসা ব্যবস্থার সক্ষমতা বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি বিভিন্ন হাসপাতালে আইসোলেশন বেড, আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতে কেনাকাটার ক্ষেত্রে দুর্নীতির বিষয়টিও উল্লেখ করেন তিনি। তার মতে, কিছু ক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়ায় নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দিতে শর্ত আরোপ করা হয়, যা অনিয়মের শামিল।
বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হলে হামের বিস্তার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
সূত্র: স্বাস্থ্য মন্ত্রণালয়
