ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে বাড়ছে রোগী

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যুর ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। গত ২৪ ঘণ্টায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত শিশুটির বয়স ছিল ৯ মাস। সে শেরপুর জেলার নকলা উপজেলার বাসিন্দা। গত ২৮ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ৬ এপ্রিল বিকেলে তার মৃত্যু হয়।  

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে প্রায় ৮০ জন শিশু।  

তিনি আরও জানান, চলতি বছরের ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৭৬ জন শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখন পর্যন্ত ৭ জন শিশুর মৃত্যু হয়েছে।  

এদিকে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ জানিয়েছেন, জনসংখ্যার তুলনায় আক্রান্তের হার খুব বেশি না হলেও আক্রান্তদের বড় অংশই ঝুঁকিপূর্ণ বয়সের। তার মতে, প্রায় ৮০ শতাংশ আক্রান্ত শিশুর বয়স ৯ মাসের নিচে, যা পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলছে।  

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকাদান ও সচেতনতা বাড়ানো না গেলে হামের সংক্রমণ আরও বাড়তে পারে।  

সূত্র: হাসপাতাল কর্তৃপক্ষ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন