হালুয়াঘাটে বিদ্যুৎ ও জ্বালানি সংকট, স্থবির জনজীবন

ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে দীর্ঘদিনের অবকাঠামোগত দুর্বলতার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে তীব্র বিদ্যুৎ বিপর্যয় ও জ্বালানি তেলের সংকট। এতে করে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।


ছবিঃ এ.এইচ তানিম

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর থেকে নানা সরকার এলেও এই অঞ্চলের উন্নয়নে তেমন দৃশ্যমান পরিবর্তন হয়নি। রাস্তাঘাট, শিক্ষা ও বিদ্যুৎ ব্যবস্থায় দীর্ঘদিন ধরেই রয়েছে নানা সংকট, যা এখন আরও প্রকট হয়ে উঠেছে।

উপজেলায় বর্তমানে প্রায় ৩৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও সরবরাহ হচ্ছে মাত্র ৬.৬ মেগাওয়াট। ফলে দিন-রাতজুড়ে লোডশেডিং লেগেই থাকছে। এতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান এবং দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অন্যদিকে জ্বালানি তেলের সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। উপজেলার দুটি পাম্পে সপ্তাহে একদিন সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে, যেখানে প্রতিজনকে সর্বোচ্চ ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও পেশাজীবীরা।

স্থানীয় এক পেশাজীবী জানান, প্রতিদিন দীর্ঘ দূরত্ব পাড়ি দিতে হয়, কিন্তু সীমিত তেলে তা সম্ভব হচ্ছে না। ফলে কর্মস্থলে যাওয়া এবং আয়-রোজগার ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের মতে, বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে সমস্যার কার্যকর সমাধান দেখা যাচ্ছে না। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি, বিকল্প জ্বালানি ব্যবস্থার উন্নয়ন এবং তেলের সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

সচেতন মহল মনে করছে, অবহেলিত এই সীমান্তবর্তী উপজেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় বিদ্যুৎ ও জ্বালানি সংকট হালুয়াঘাটের অর্থনীতি ও জনজীবনে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

Source: Daily Inqilab

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন