বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন অ্যাড-হক কমিটির নেতৃত্বে দায়িত্ব নেওয়ার পরপরই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। দ্বিতীয় বৈঠকেই নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন বাড়ানোসহ স্ট্যান্ডিং কমিটির কাঠামো প্রকাশ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত বৈঠকে নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বৈষম্য কমানোর উদ্যোগ নেওয়া হয়। এখন থেকে ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি ম্যাচে ১০ হাজার, ওয়ানডেতে ১৫ হাজার এবং চার দিনের ম্যাচে ২০ হাজার টাকা করে পাবেন নারী খেলোয়াড়রা। পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারের সংখ্যাও বাড়ানো হয়েছে।
পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। আগে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৩৫ হাজার, ‘বি’ ৩০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরির ক্রিকেটাররা ২৫ হাজার টাকা পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরির জন্য ৬৫ হাজার, ‘বি’ ক্যাটাগরির জন্য ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরির জন্য ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বৈঠকে বিসিবির স্ট্যান্ডিং কমিটিগুলোর দায়িত্ব বণ্টন করা হয়েছে। বিভিন্ন সদস্যদের মধ্যে ক্রিকেট পরিচালনা, গেম ডেভেলপমেন্ট, গ্রাউন্ডস, মার্কেটিং, নারী ক্রিকেট, ফাইন্যান্সসহ বিভিন্ন বিভাগের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়।
বিসিবির সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, দ্রুত ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরানোই তাদের অন্যতম লক্ষ্য। এ জন্য প্রিমিয়ার লিগ চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রয়োজনে বিকল্প ভেন্যু ব্যবহারের কথাও ভাবা হচ্ছে।
তিনি আরও জানান, আসন্ন আন্তর্জাতিক সিরিজকে সামনে রেখে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। সে অনুযায়ী ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
সব মিলিয়ে নতুন কমিটির এই সিদ্ধান্তগুলো ক্রিকেট অঙ্গনে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Source: এখন টিভি
Tags
খেলাধুলা
