রাজধানীর লালবাগ থানার বৈষম্য বিরোধী আন্দোলনের মামলার প্রেক্ষিতে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন। তার কথায়, শিরীন শারমিনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানার মামলাটি উল্লেখযোগ্য।
গ্রেপ্তারের পর তাকে কখন আদালতে তোলা হবে, সে বিষয়ে ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে কাজ চলছে এবং সময় লাগবে।
শিরীন শারমিন চৌধুরী ২০০৮ সালের নির্বাচনের পর স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল পুনরায় স্পিকার নির্বাচিত হন এবং ২০২৪ সালের ২ সেপ্টেম্বর শেখ হাসিনার সরকারের পতনের পর পদত্যাগ করেন।
এর আগে জুলাই গণ–অভ্যুত্থানের সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে মামলা ছিল। এছাড়া রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এন এম নাসির উদ্দিন জানান, শিরীন শারমিনকে তার এক আত্মীয়ের বাসা থেকে ভোরে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে।
সূত্র: ঢাকাপোস্ট
Tags
জাতীয়
