ঢালিউডের মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে নায়িকা নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ পেয়েছে সিনেমাটির নতুন পোস্টার, যেখানে শাকিব খানের বিপরীতে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এই পোস্টার মুহূর্তেই ভক্ত-দর্শকদের নজর কাড়ে। পোস্টারে শাকিব খানের ভিন্নধর্মী ‘রকস্টার’ লুক—ড্র্যাডলক চুল, ট্যাটু এবং স্টাইলিশ উপস্থিতির পাশাপাশি সাবিলা নূরের উপস্থিতি একটি রোমান্টিক আবহ তৈরি করেছে। এতে দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে।
পোস্টার প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। ভক্তরা মন্তব্যে এই জুটিকে ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই মনে করছেন, শাকিব-সাবিলা জুটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে এবং সিনেমাটি ঈদের বড় আকর্ষণ হয়ে উঠবে।
জানা গেছে, ‘রকস্টার’ একটি বড় বাজেটের সিনেমা, যা আগামী ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে মুক্তির পরিকল্পনা রয়েছে। এর আগে শাকিব খানের জন্মদিনে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছিল, যা ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছিল।
চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সান কমিউনিকেশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো এবং চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন। আধুনিক গল্প, সংগীত এবং ভিন্নধর্মী উপস্থাপনার মাধ্যমে ‘রকস্টার’ সিনেমাটি দর্শকদের নতুন ধরনের অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেন শাকিব খান ও সাবিলা নূর। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় নতুন এই সিনেমায় তাদের রসায়ন আরও পরিণতভাবে ফুটে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বর্তমানে সিনেমাটির শুটিং ও পোস্ট-প্রোডাকশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন নির্মাতারা। মুক্তির আগেই পোস্টার ঘিরে যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে ‘রকস্টার’ সিনেমাটি আসন্ন ঈদের অন্যতম আলোচিত চলচ্চিত্র হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
Source: Daily Inqilab
Tags
বিনোদন
