খুলনায় দায়িত্ব পালনরত অবস্থায় রেলওয়ে পুলিশের এক সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, নিজের ইস্যুকৃত অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছেন ওই কনস্টেবল।
শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ের অস্ত্রাগার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৭)। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাসিন্দা।
রেলওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, ভোরের দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করছিলেন সম্রাট বিশ্বাস। আনুমানিক সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে তিনি নিজের ইস্যুকৃত একটি চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ নিশ্চিত হতে আরও তদন্ত চালানো হচ্ছে।
তিনি আরও জানান, সম্রাট বিশ্বাস একজন দায়িত্বশীল ও কর্মঠ পুলিশ সদস্য হিসেবে পরিচিত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে তিনি মানসিকভাবে চাপে ছিলেন। তবে সহকর্মীদের কাছে তিনি এমন কোনো বিষয় আগে প্রকাশ করেননি।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের স্ত্রী পূজা বিশ্বাসও একজন পুলিশ সদস্য এবং বর্তমানে সাতক্ষীরা জেলায় কর্মরত রয়েছেন। ঘটনার পর মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
ঘটনাটি পুলিশ বাহিনীর ভেতরে মানসিক স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের চাপ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Tags
জাতীয়
