দেশের আন্তর্জাতিক ইন্টারনেটে সাময়িক চাপ তৈরি হতে যাচ্ছে। কুয়াকাটায় স্থাপিত দ্বিতীয় সাবমেরিন কেবল এসএমডব্লিউ-ফাইভ (SMW-5) রক্ষণাবেক্ষণ কাজের কারণে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে তিন দিন দেশের ইন্টারনেটের গতি কমে যেতে পারে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (BSCPLC) বুধবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এই সময় সিঙ্গাপুরমুখী আন্তর্জাতিক সার্কিটগুলো আংশিকভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর ফলে ব্যবহারকারীরা ধীরগতির ইন্টারনেট বা মাঝেমধ্যে সংযোগে বিঘ্নের সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে বিকল্প সংযোগ ব্যবস্থা চালু থাকবে। কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবল এসএমডব্লিউ-ফোর (SMW-4) মাধ্যমে আন্তর্জাতিক সংযোগ সচল রাখা হবে।
BSCPLC আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে স্বাভাবিক সেবা ফিরিয়ে আনতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্যবহারকারীদের জন্য ধৈর্য ধারণ এবং সম্ভাব্য কিছু বিলম্বের জন্য প্রস্তুত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
Tags
প্রযুক্তি
