ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করতে গিয়ে এক বাংলাদেশি যুবক হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে ময়মনসিংহ এবং পরে ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বুটিয়াপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, উত্তর নলকুড়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন (৪৫) সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। ধারণা করা হচ্ছে, তিনি চোরাচালান সংক্রান্ত কাজে সেখানে গিয়েছিলেন। সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়।
এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে কোনোভাবে বাংলাদেশে ফিরে এলে স্বজনরা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি আরও জানিয়েছে, আনোয়ার হোসেন অতীতেও একাধিকবার অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় হামলার শিকার হয়েছেন। এছাড়া সীমান্ত এলাকায় তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
ঘটনাটি সীমান্ত নিরাপত্তা ও অবৈধ যাতায়াতের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
Tags
জাতীয়
